মাদ্রিদে আগুনে প্রবাসী যুবক আলিফের মৃত্যু, বাঁচানোর আকুতি ছিল তার
প্রকাশিত : ১৬:১৫, ৩১ আগস্ট ২০২৬
স্পেনের রাজধানী মাদ্রিদে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী যুবক ইউসুফ হাসান আলিফ। মৃত্যুর আগমুহূর্তে সহকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচানোর আকুতি জানান তিনি।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসোয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে ক্যানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এই অগ্নিকাণ্ড ঘটে।
নিহত আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিবের ছেলে। পেশায় তিনি একজন ফুড ডেলিভারি রাইডার ছিলেন। গত জুন মাসে আলিফ স্পেনে পাড়ি জমান।
জানা যায়, প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে ইউসুফ গ্যারেজে যান। সে সময় হঠাৎ একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে গ্যারেজে আগুন ধরে যায়। এতে ইউসুফ দগ্ধ হন।
খবর পেয়ে মাদ্রিদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলেই চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম জানান, এই ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি।
এএইচ
আরও পড়ুন










